
দিনাজপুরের কাহারোল উপজেলায় পূর্ব শত্রুতার জেরে কৃষক আজিজুল হকের আবাদকৃত জমির ৮০ মণ ধান কেটে নিয়ে গেল নামধারী দুবৃত্তরা। এ ঘটনায় ৯ নভেম্বর রবিবার বিকেলে কাহারোল থানায় মামলা দায়েরের জন্য ১৪ জনের নাম উল্লেখ করে একটি এজাহার জমা দিয়েছেন উপজেলার ঈসানপুর এলাকার মো. আব্দুল মজিদের ছেলে মো. আজিজুল হক (৪৭)।
ঘটনাটি গেল রবিবার (৯ নভেম্বর) উপজেলার ফেরুসাডাঙ্গ মৌজার ১০৭ জেএল নম্বর, ৬০, ৩৩৬ নং ডিবি খতিয়ান ও ৭২৮, ৬৯৭, ৬৪৯ নং দাগের ৮৪ শতক আবাদকৃত জমিতে ঘটেছে।
এজাহার সূত্রে জানা গেছে, কাহারোল উপজেলার ঈসানপুর এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে মোঃ ফৌরদল (৫২), মোঃ আব্দুল রশিদ (৪০), মৃত মনির উদ্দীনের ছেলে মোঃ শফিউল আলম (৪৫), মোঃ আফিজ উদ্দীন (৫৭), মোঃ শফিউল আলমের ছেলে মোঃ কামরুল (৪০), মোঃ রাকিব (২৮), উভয় পিতা, মোঃ আফিজ উদ্দীনের ছেলে মোঃ রানা (৩৭), মোছাঃ আরফিনা বেগম (২৫), ফেরুডাঙ্গা এলাকার মৃত আজগার আলীর ছেলে মোঃ মিজানুর রহমান (৩৮), মোঃ মিন্টু (৩৫), মৃত আজগার আলীর স্ত্রী মোছাঃ মিনা বেগম (৫৫), নায়াবাদ এলাকার মৃত সিদ্দিকের ছেলে মোঃ আলী নুর ওরফে ভট্ট (৪০), পহরিয়া এলাকার মৃত ওসমান আলীর ছেলে মোঃ রফিক (৪০) এবং ঈসানপুর এলাকার সাইদুল মিস্ত্রির ছেলে মোঃ আজিজুল হক (৪২) তফশিল বর্ণিত জমি আজিজুল পৈত্রিক সূত্রে দীর্ঘদিন হতে ভোগদখল করে আসছে। উক্ত জমিতে কৃষক আজিজুল আমন ধান রোপন করেন। এবং প্রতিদিনের মতো তার ভোগদখলীয় জমিতে গিয়ে আমন ধান পরিচর্চা করেন।
কিন্তু উপরোক্ত নামধারীরা কৃষক আজিজুলের ভোগদখলীয় জমি নিজেদের দাবী করে বে-দখল করার জন্য গেল রবিবার (৯ নভেম্বর) সকাল অনুমান ৯ টার দিকে বাঁশের লাঠি, দা, কোদাল, ট্রাকসহ জমিতে থাকা পাকা আমন ধান জোর পূর্বক কাটতে শুরু করে। জানতে পেরে কৃষক আজিজুল হক ঘটনাস্থলে উপস্থিত হলে বিবাদীগনের সাথে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নামধারী দুবৃত্তরা আজিজুলকে হুমকি ধামকি দিয়ে তফশিল বর্ণিত ৮৪ শতক ভোগদখলীয় জমি হতে জোরপূর্বকভাবে প্রায় ৮০ মন আমন ধান কেটে নিয়ে যায়। যার মুল্য অনুমান ১ লাখ ৪ হাজার টাকা হবে বলে এজাহারে উল্লেখ করেছেন কৃষক এজাজুল হক।
এতে কৃষক এজাজুল হক তার ভোগ দখলকৃত জমির কেটে নেওয়া ৮০ মন আমন ধান ফেরত চেয়ে উপরোক্ত নামধারী দুবৃত্তগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য থানার পুলিশের কাছে অনুরোধ করেছেন।